সুমন চন্দ্রমোহন্ত গল্প হইতে চাইছিল
সুমন চন্দ্রমোহন্ত গল্প হইতে চায়, সমস্যা হইলো তার জীবনে কওয়ার মতন কোনো ঘটনা ঘটে নাই। প্রেমে পড়ে নাই, সো, ছ্যাকাও খায় নাই। স্বপ্নও নাই। এমনকি সে কোনোদিন দুর্ঘটনার শিকারও হয় নাই। শালার জীবন এতই গরীব! এতটা ফকিন্নি জীবন হয় কারু! তাও সে গল্প হইতে চায়। তার জীবনের গল্প মানুষ পড়বে এইটাই তার চাওয়া।
সে আমার নাপিত। আমি এমন কোনো মনু না যে আমার পারসোনাল নাপিত থাকবে। (কথাটা শুনলে বন্ধু বান্ধবরা কবে, শালার কথা শুনছো, আমার নাপিত! খাস বউয়ের কামাই, আবার বলা মারায়, আমার নাপিত! শখ কত…) উত্তর বাড্ডার আলীর মোড়ে একটা সেলুনের নাপিত সে। বছর খানেক হইলো চুল কাটাই তার কাছে। এমনিতে আমি বছরে ৩ বার চুল কাটাই। কোনো কোনো বছর ২ বারের বেশি কাটানো হয় না। অনেক কারণ আছে। সবথেকে বড় কারণ হলো কারো চুল কাটা আমার পছন্দ হয় না। দ্বিতীয় কারণ, অযত্নে ‘কোকড়া চুল পাখির বাসা’ হয়া থাকা মাথাটা আমার তো অবশ্যই, বউয়েরও পছন্দ। অথচ এই মাথা একদিন আমার সবথেকে বড় শত্রু ছিল। বেঢপ বড় মাথাটা ৩ নাম্বার বেটার শরীরে পছন্দ হইছিল না বইলা আমার মাও নিজেই ভ্যাংচানোর জন্য নাম দিছিল মাথাফুলা। সেই শুরু। তারপর থেইকা আমারে সবাই মাথাফুলা বইলা খেপাইত।
সুমনের চুল কাটা প্রথমবার পছন্দ হইছিল। পরেরবার হয় নাই। তাও আমি সুমনের কাছে চুল কাটাইতে যাই। সুমনের সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে। এই নিয়া ৩ বার তার সাথে দেখা। প্রথম দেখা হওয়ার বছর পার হয়া গেছে। প্রথমবার আমার চুল দেইখা তার পছন্দ হইছিল। কয় আমার চুলও এমন, কোকড়া। আমি ভাবি, এই বলদ কেমন নাপিত, এত বেশি চুল দেইখা তো ভয় পাওয়ার কথা, কাটতে টাইম বেশি লাগবে!
আমার চুল দেইখা আর কথাবার্তা শুইনা সে আমার সম্পর্কে আগ্রহী হইছিল। দেশের রাজনীতি নিয়া হতাশা প্রকাশ করছিলাম। এমপি মন্ত্রীদের হাইস্যকর কথাবার্তা, হাসিনার একেকটা প্রেস ব্রিফিংয়ের পর নতুন নতুন মিম ম্যাটেরিয়াল, জিনিসপাতির ঘোড়ার মতো লাফায়া লাফায়া দাম বাড়া, মেইন রোড থেইকা আলীর মোড় পর্যন্ত আসার রাস্তায় কাদা হয়া থাকা নিয়া অনেক কিছু বলছিলাম। পরে সুমনের আগ্রহে বলছিলাম যে সাংবাদিকতা করি। আর গল্পও লিখি।
তার সম্পর্কে জানতেও আগ্রহী হয়া উঠছিলাম আমি। জানাইল সে তো আমার দেশী লোক। তার বাড়িও বগুড়া। গোহাইল ইউনিয়নে, শাহজাহানপুর থানায়। আমার বাড়ি গাবতলী। আমাদের আসন একই। বগুড়া ৭। তারপর নানান কথাবার্তা। এক সময় সুমন কইল, ভাই হামাক নিয়া একটা গল্প লেকেন। Continue reading